যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের নন-ইমিগ্র্যান্ট বা অস্থায়ী ভিসা বাতিলের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির চলমান অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটিতে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করেছেন, তাঁদের শনাক্ত করে ভিসা বাতিল করা হবে। এ কার্যক্রমে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি মন্ত্রণালয়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের আওতায় প্রায় দুই লাখ বিদেশির ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিল হতে পারে।