মেহেরপুরের গাংনীতে বিভিন্ন সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় মো. হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার নাঙ্গলকোট থেকে তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে আরও দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে নাঙ্গলকোট এলাকা থেকে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গাংনীর বিভিন্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত করতে গিয়ে হোসেন আলীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পূর্ব মালসাদাহ গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার দেখানো স্থান থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, হোসেন আলীর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ সাতটি জিআর ওয়ারেন্ট রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাতকাহন ডেস্ক