Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

শাবনূরের ৫ শব্দের পোস্ট ঘিরে নতুন আলোচনা

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শাবনূরের মাত্র পাঁচ শব্দের পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে সেখানে কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি তিনি।

সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় শাবনূরের এই পোস্ট ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্টটির সঙ্গে সালমান শাহর মৃত্যুর ঘটনার যোগসূত্র খুঁজলেও, শাবনূর নিজে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে এ ঘটনায় শাবনূরের নামও আলোচনায় এসেছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী।

এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি নতুন করে তৎপরতা শুরু হয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল-অভিনেতা ডন হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ডনের পূর্বের জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই জবানবন্দিতে সালমান শাহর মৃত্যুর দিন তাঁর বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ কয়েকজনের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, জবানবন্দিতে সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা, পরে ইনজেকশন দেওয়া এবং মৃত্যুর পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগের কথা বলা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে—এমন দাবি করা যাচ্ছে না।

সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি দীর্ঘদিনের। তাঁর ভক্ত ও বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য প্রকাশের দাবিও উঠে এসেছে। এর মধ্যেই শাবনূরের রহস্যময় পোস্ট নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে।

সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও নব্বইয়ের দশক থেকে নানা আলোচনা ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, তিনি সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন। সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।

১৯৯৩ সালে বড়পর্দায় অভিষেকের পর অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন সালমান শাহ। শাবনূরের সঙ্গে তাঁর জুটি দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়। চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ, যার ১৪টিতে তাঁর নায়িকা ছিলেন শাবনূর।

সাতকাহন ডেস্ক

You might also like