বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার মুহূর্ত অনেক ফুটবলারের জন্য স্বপ্নপূরণের হলেও কারও জন্য তা হয়ে ওঠে হতাশার। এবার ব্রাজিল দল ঘোষণার পর সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে কয়েকজন তারকা ফুটবলারের বাদ পড়া।
ইনজুরির কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। এসিএল চোটে পড়ে তিনি প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে চলে গেছেন। একই ধরনের দুর্ভাগ্যের শিকার হয়েছেন এডার মিলিতাও ও তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ানও।
তবে ইনজুরির বাইরেও চমক রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সোমবার দিবাগত রাতে রিও ডি জেনিরোতে ঘোষিত দলে জায়গা হয়নি চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর।
আনচেলত্তির অধীনে আগের পাঁচ আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে তিনটিতে সুযোগ পাওয়া এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগে চেলসির সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। তবু শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।
গত মার্চের ফিফা উইন্ডোতে থাকা আরও কয়েকজন ফুটবলারও বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক হুগো সুজা ও বেন্তো ম্যাথিউস, ডিফেন্ডার কাইকি, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও গ্যাব্রিয়েল সারা। জায়গা হয়নি রিচার্লিসন ও আন্দ্রে পেরেইরারও।
আনচেলত্তির শুরুর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত আন্দ্রে সান্তোস সাম্প্রতিক সময়ে ক্লাব পর্যায়ে প্রত্যাশা পূরণ করতে না পারায় দল থেকে বাদ পড়েছেন। অন্যদিকে দলে ফিরেছেন নেইমার জুনিয়র। তার সঙ্গে আক্রমণভাগে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রাফিনিয়া।
এবারের দলে কিছু নতুন মুখও জায়গা পেয়েছেন। বোর্নমাউথের রায়ান এবং ব্রেন্টফোর্ডের ফরোয়ার্ড ইগর থিয়াগো সুযোগ পেয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। এছাড়া লুইজ হেনরিক ও ম্যাথিউস কুনহাও দলে জায়গা ধরে রেখেছেন।
দল নির্বাচন নিয়ে আনচেলত্তি বলেন, ব্রাজিলের ফুটবলারদের মধ্যে প্রতিযোগিতা এতটাই কঠিন যে মাত্র ২৬ জনকে বেছে নেওয়া সহজ ছিল না। দীর্ঘদিন দলের সঙ্গে থাকা অনেকেই সুযোগ না পাওয়ায় হতাশ—এ বিষয়টিও তিনি বুঝতে পারছেন বলে জানান।
ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের আগে পর্যন্ত ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকবে। তবে বিকল্প খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় থাকতে হবে।
সাতকাহন ডেস্ক