সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে ফিরেছেন ব্রাজিলের এই অভিজ্ঞ ফরোয়ার্ড। তবে চোটের কারণে দলে জায়গা হয়নি তরুণ প্রতিভা এস্তেভাওয়ের।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিফার কাছে জমা দেওয়া প্রাথমিক তালিকায় নেইমারের নাম থাকলেও বাদ পড়েছেন চেলসির ১৯ বছর বয়সী ফরোয়ার্ড এস্তেভাও।
গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডান উরুতে চোট পান তিনি। শুরুতে বিশ্বকাপের আগে সুস্থ হওয়ার আশা থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিল ও চেলসির মেডিক্যাল দল তার পূর্ণ ফিটনেস নিয়ে নিশ্চিত হতে পারেনি।
ফিফার নিয়ম অনুযায়ী, সব দলকে ১১ মে’র মধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়। পরবর্তীতে এই তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের দল নির্বাচন করা হবে।
৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ৭৯। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম তার স্কোয়াডে ফিরলেন এই তারকা ফরোয়ার্ড।
এদিকে চোটে পড়ার আগে এস্তেভাওকে বিশ্বকাপ দলে প্রায় নিশ্চিত ধরেই নেওয়া হচ্ছিল। গত গ্রীষ্মে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেওয়া এই তরুণ ফরোয়ার্ড চলতি মৌসুমে ৩৬ ম্যাচে ৮ গোল করেছেন।
এ ছাড়া গুরুতর চোটের কারণে বিশ্বকাপের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা এদের মিলিতাও ও রদ্রিগোও।