ব্রিটিশ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক পিয়ার্স মরগান আবারও আলোচনায় এসেছেন লিওনেল মেসিকে ঘিরে মন্তব্য করে। এবার নিজের নির্বাচিত সর্বকালের সেরা ফুটবল একাদশে মেসিকে না রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।
এক্সে প্রকাশিত মরগানের একাদশে জায়গা পেয়েছেন ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তি। তবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির অনুপস্থিতিই সবচেয়ে বেশি নজর কাড়ে।
সমালোচনার মুখে নিজের অবস্থান আরও স্পষ্ট করে মরগান বলেন, “এতে অবাক হওয়ার কিছু নেই। মেসি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় নন। আমার সর্বকালের সেরা একাদশ তাকে ছাড়াই পূর্ণ।”
মরগানের বেছে নেওয়া দলে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদিনহো ও রোনালদো নাজারিওর মতো ফুটবল কিংবদন্তিরা।
মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য এই প্রথম নয় মরগানের ক্ষেত্রে। এর আগেও তিনি একাধিকবার ক্রিস্টিয়ানো রোনালদোকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছেন এবং মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।
এবারও তার বক্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেক ফুটবলভক্তের মতে, ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড়কে বাদ দেওয়া ব্যক্তিগত পক্ষপাতের পরিচয়। তবে অন্য একাংশ মনে করছেন, সর্বকালের সেরা একাদশ বাছাই সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয় এবং এ নিয়ে ভিন্নমত থাকতেই পারে।