Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

২১ ঘণ্টার আলোচনাও ব্যর্থ: সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে পাকিস্তানের ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান।

রোববার বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানকে একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দেওয়া হলেও তারা এতে সম্মত হয়নি। ফলে আলোচনা শেষ করে তিনি ইসলামাবাদ ত্যাগ করেছেন।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবি’র কারণেই আলোচনা ভেস্তে গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। এতে পুরো অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয়।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার ইসলামাবাদে উচ্চপর্যায়ের এই বৈঠক শুরু হয়, যা ১৯৭৯ সালের পর দুই দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

ভ্যান্স বলেন, ওয়াশিংটন চায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিক। তবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল, আলোচনার সুযোগ দিতে ইসরায়েলের সঙ্গে সমন্বয়ে তারা দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে।

উত্তেজনার মধ্যেই কৌশলগত হরমুজ প্রণালিতে মাইন অপসারণকারী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবহন হওয়ায় এর গুরুত্ব অত্যন্ত বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। তবে কূটনৈতিক প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

You might also like