Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। পাশাপাশি একটি জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ২ মে সকালে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই দিন তিনি সদর উপজেলার রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভাও করেন।

এর আগে, শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।

জেলা বিএনপির নেতাদের সূত্রে জানা গেছে, একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে এই খালটির খনন কাজ উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা এবার প্রধানমন্ত্রীর হাত দিয়েই উদ্বোধন করা হবে।

সাতকাহন ডেস্ক

You might also like