ব্রাজিলিয়ান তারকা নেইমারর বিরুদ্ধে অনুশীলনে সতীর্থকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তদন্ত শুরু করেছে সান্তোস। ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, গত রোববার অনুশীলনের সময় সতীর্থ রবিনিও জুনিয়রকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে। ক্লাব সূত্রে জানা গেছে, অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে যাওয়ার পর উত্তেজনা তৈরি হয়। এতে নিজেকে অসম্মানিত মনে করে প্রতিক্রিয়া দেখান এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে নেইমার নাকি পা লাগিয়ে রবিনিও জুনিয়রকে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে সতীর্থরা এগিয়ে এসে তাদের আলাদা করেন।
এক বিবৃতিতে সান্তোস জানায়, ক্লাবের এক খেলোয়াড়ের বিরুদ্ধে অন্য খেলোয়াড়কে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ তাদের নজরে এসেছে এবং এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। বিষয়টি ক্লাবের আইন বিভাগ খতিয়ে দেখছে।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিনিও জুনিয়র অভিযোগ করেছেন যে নেইমার তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করেছেন, ফেলে দিয়েছেন এবং চড় মেরেছেন। এমনকি ‘ন্যূনতম নিরাপত্তার অভাব’ উল্লেখ করে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়েও আলোচনা চেয়েছেন তিনি।
তবে ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন নেইমার। তিনি ফোন ও বার্তার মাধ্যমে রবিনিও জুনিয়র এবং তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, রবিনিও জুনিয়র ব্রাজিলের সাবেক তারকা রবিনিওর ছেলে। গত মৌসুমে সান্তোসের মূল দলে সুযোগ পাওয়া এই তরুণ ফুটবলার চলতি মৌসুমে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন।