Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

রূপপুরের দুই ইউনিটেই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের প্রথম প্রকল্প হিসেবে কেন্দ্রটিতে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা এপিসিএস ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এগুলোর মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ প্রক্রিয়াসংশ্লিষ্ট ৭ হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এতে বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনায় সহায়তা মিলবে।

এ প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন ওআইএসএস। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে আরএএসইউ এটি তৈরি করেছে। প্রথম ইউনিটে সিস্টেমটি ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে এবং স্টার্টআপ কার্যক্রমে অংশ নিচ্ছে। দ্বিতীয় ইউনিটেও একই ধরনের ব্যবস্থা স্থাপন করা হবে।

সিস্টেমটি ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ৮০টিরও বেশি নির্দেশিকার ভিত্তিতে অপারেটরদের পরামর্শও দেয় এটি। জটিল পরিচালনাসংক্রান্ত তথ্য সহজভাবে উপস্থাপন করায় অপারেটরদের দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

সাতকাহন ডেস্ক

You might also like