ছবি: সংগৃহীত
আর মাত্র এক বছর পর শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রিয় দল ‘টিম মেলি’র খেলা গ্যালারিতে বসে দেখার স্বপ্ন দেখছিলেন অনেক ইরানি সমর্থক। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় সেই স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন, যার মধ্যে ইরানও রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানি সাধারণ দর্শকরা যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন না। যদিও খেলোয়াড়দের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে বেশির ভাগ ম্যাচ এবং ফাইনাল যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ইরান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
অনেক ইরানি সমর্থক আশা করছেন, ফুটবল হয়তো দুই দেশের রাজনৈতিক দূরত্ব কমাতে ভূমিকা রাখতে পারে। ১৯৯৮ সালের বিশ্বকাপে ইরান ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন—যা এখনো ক্রীড়াঙ্গনের এক স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।
সাতকাহন ডেস্ক