ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করায় যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হোয়াইট হাউসের ভেতরেই তার উপদেষ্টাদের একাংশ ভিন্ন মত পোষণ করছেন। তাদের মতে, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের প্রধান উদ্বেগ—বিশেষ করে অর্থনীতি—নিয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতি চলছে। তবে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো জনসমক্ষে স্পষ্ট করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ হোয়াইট হাউস কর্মকর্তা জানান, কড়া অবস্থান সত্ত্বেও প্রশাসনের ভেতরে ইরানে হামলার পক্ষে এখনো একক মত নেই। উপদেষ্টাদের আশঙ্কা, সামরিক উত্তেজনা বাড়লে অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন ভোটারদের কাছে তা নেতিবাচক বার্তা দিতে পারে।
সাতকাহন ডেস্ক