বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৬ অক্টোবর)। বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আজই বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৮ অক্টোবর আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম উঠে আসে। এরপর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। তার পদত্যাগের পর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে এবং নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।
সাতকাহন ডেস্ক