Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে ধস

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। একই সঙ্গে শেয়ারবাজারে নেমেছে ধস।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক শূন্য ৭ ডলারে পৌঁছেছে। একপর্যায়ে দাম ৮২ ডলার ছাড়িয়ে যায়।

অন্যদিকে, মার্কিন ক্রুডের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৫৯ ডলারে।

নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দামও ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৩২৭ ডলারে উঠেছে।

বিশ্লেষকদের মতে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকতে পারে। এতে সংঘাত আরও কয়েক সপ্তাহ স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ববাজারের নজর এখন হরমুজ প্রণালির দিকে। কারণ, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যাতায়াত করে। যদিও প্রণালিটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি, তবে নিরাপত্তা শঙ্কা ও বিমা জটিলতায় জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

বিশ্লেষকদের সতর্কবার্তা— তেলের দাম দীর্ঘসময় ঊর্ধ্বমুখী থাকলে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়তে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে যেতে পারে।

সাতকাহন ডেস্ক

You might also like