ভোরের শান্ত সময়েই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। আজ মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে। হঠাৎ এই ভূকম্পনে ঘুমন্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ এবং গভীরতা ১০০.৬ কিলোমিটার বলে উল্লেখ করেছে।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই কম্পন অনুভবের কথা জানিয়ে পোস্ট করেন। ঢাকার মিরপুর ও সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা।
এখন পর্যন্ত দেশে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সীমান্তের কাছাকাছি হওয়ায় সিলেট ও ঢাকায় কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূতাত্ত্বিকদের মতে, মাঝারি গভীরতার এই ভূমিকম্প উৎসস্থল কাছাকাছি হওয়ায় দেশের বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়ে।