আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোতেও মেট্রোট্রেন স্বাভাবিক কর্মদিবসের সময়সূচি অনুযায়ী চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে সন্নিকটে অবস্থিত, সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো খোলা থাকবে। নির্বাচনকালীন মেট্রোরেল চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সব সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমিন মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত—মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য এসব বিধিনিষেধে প্রয়োজনীয় শিথিলতার সুযোগ রাখা হয়েছে।