দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। Flood Forecasting and Warning Centre থেকে পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা কৃষকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। বুধবার (২৯ এপ্রিল) সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের পরিস্থিতি তুলে ধরে বলেন, টানা বৃষ্টিতে ফসলি জমি প্লাবিত হয়েছে এবং কৃষকরা কষ্ট করে ধান কাটছেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জবাবে প্রধানমন্ত্রী জানান, কয়েক দিন আগেই আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করে কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ময়মনসিংহের কিছু এলাকাও ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেসব এলাকার কৃষকদেরও এই সহায়তার আওতায় আনা হবে।