বাংলাদেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ারফেজ একুশে পদক ২০২৬-এ ভূষিত হয়েছে। দেশের ইতিহাসে প্রথম কোনো ব্যান্ডদল হিসেবে এই পদক তারা অর্জন করল।
শিল্পকলা (সংগীত) ক্ষেত্রে দলগতভাবে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী মিলনায়তনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপুর হাতে পদকটি প্রদান করা হয়।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ওয়ারফেজ বাংলাদেশের হেভি মেটাল ও হার্ড রক সংগীতধারার পথিকৃৎ। ১৯৯১ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম বাংলা ভাষায় হেভি মেটাল গানকে জনপ্রিয় করে এবং দেশের ব্যান্ড সংগীতে নতুন ধারা ও মানদণ্ড স্থাপন করে।
দীর্ঘ চার দশকের সংগীত-যাত্রায় দেশের সংগীত ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে এই সম্মানে ভূষিত হলো ব্যান্ডটি।