Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বিশ্বকাপ- ২০২৬

একটি ছবির জেরে বিশ্বকাপ থেকে বাদ ‘ইরানিয়ান মেসি’

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে বড় বিতর্কে জড়িয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি দলের অন্যতম সেরা তারকা ফরোয়ার্ড এবং ‘ইরানিয়ান মেসি’ খ্যাত সরদার আজমুনের।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর থেকেই ইরানি কর্তৃপক্ষের অসন্তোষের মুখে পড়েন আজমুন। পরে ছবিটি মুছে ফেললেও তার বিরুদ্ধে ‘রাষ্ট্রের প্রতি অনুগত নন’ এবং ‘রাষ্ট্রদ্রোহিতার’ মতো অভিযোগ ওঠে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।

বর্তমানে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলির হয়ে খেলছেন। এর আগে তিনি জার্মানির বায়ার লেভারকুজেন এবং ইতালির রোমার মতো ইউরোপীয় ক্লাবেও খেলেছেন।

ইরানের জার্সিতে ৯১ ম্যাচে ৫৭ গোল করে দেশের ইতিহাসের অন্যতম সফল গোলদাতাদের একজন আজমুন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন তিনি।

তবে তাকে বাদ দেওয়ার বিষয়ে ইরানের কোচ আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কারণের কথা উল্লেখ করেননি। যদিও দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম ও বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কই তার স্কোয়াড থেকে বাদ পড়ার প্রধান কারণ।

আসন্ন বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। আজমুনকে ছাড়া দলটি কেমন পারফর্ম করে, সেদিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

সাতকাহন ডেস্ক

You might also like