Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বিশ্বকাপে অনিশ্চিত মার্তিনেজের বিকল্প কাকে বেছে নেবে আর্জেন্টিনা

বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ডান হাতের আঙুলে চোট পেয়ে ছিটকে যেতে পারেন শুরুর ম্যাচ থেকে। ফলে বিশ্বচ্যাম্পিয়নদের গোলবারের নিচে কে দাঁড়াবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। তবে মার্তিনেজের চোট কতটা গুরুতর এবং তিনি সময়মতো ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

এ অবস্থায় কোচ লিওনেল স্কালোনির সামনে বিকল্প হিসেবে রয়েছেন গেরোনিমো রুলি ও হুয়ান মুসো। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ দুটিতে এই দুই গোলরক্ষককে পরীক্ষা করে দেখতে পারেন আর্জেন্টাইন কোচ।

বর্তমানে দৌড়ে এগিয়ে আছেন রুলি। ফরাসি ক্লাব মার্সেইয়ের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। জাতীয় দলের হয়েও রয়েছে অভিজ্ঞতা। আর্জেন্টিনার জার্সিতে সাত ম্যাচ খেলে মাত্র দুই গোল হজম করেছেন এই গোলরক্ষক। এছাড়া ২০২২ বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয়ী আর্জেন্টিনা দলের সদস্যও ছিলেন তিনি।

অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক হুয়ান মুসোও রয়েছেন আলোচনায়। ইয়ান ওবালাকের চোটের কারণে মৌসুমের শেষভাগে নিয়মিত খেলার সুযোগ পান তিনি এবং ভালো পারফরম্যান্সও উপহার দেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন মুসো।

সাতকাহন ডেস্ক

You might also like