Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী, সাক্ষাৎ হতে পারে হেফাজত আমিরের সঙ্গে

আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে আলেমসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ, যেখানে হেফাজত আমিরের শারীরিক খোঁজখবর নেওয়া হতে পারে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সফরের মূল উদ্দেশ্য সৌজন্য সাক্ষাৎ হলেও ফটিকছড়িতে কোনো দলীয় বা সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, বিএনপির স্থানীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে তৃণমূল পর্যায়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম আজিজ উল্লাহ বলেন, এই সফরের খবরে শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ দেখা দিয়েছে।

হেফাজতের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মাওলানা আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী জানান, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে তারা অবগত হয়েছেন, তবে এখনো বিস্তারিত জানা যায়নি। অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও সাংগঠনিকভাবে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমও জানান, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে শোনা গেলেও এখন পর্যন্ত কোনো সরকারি নির্দেশনা হাতে আসেনি।

সব মিলিয়ে, সম্ভাব্য এই সফরকে ঘিরে ফটিকছড়িতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা এবং প্রত্যাশার পারদ ক্রমেই বাড়ছে।