Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা

Ministry of Primary and Mass Education সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচিতে অনিয়ম ঠেকাতে জরুরি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, নিম্নমানের বা পচা খাবার বিতরণের ঘটনায় গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৬ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে জানানো হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন উপজেলা থেকে পচা বনরুটি, নষ্ট ডিম, ছোট ও পচা কলা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় খাবারের মান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, খাবার গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকৃত খাদ্যের মান ও পরিমাণ নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী আছে কি না তা প্রধান শিক্ষকদের নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্ধারিত সময় অনুযায়ী খাবার বিতরণ এবং সঠিক সংরক্ষণ ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বিশেষভাবে বনরুটি, ডিম, কলা, ইউএইচটি দুধ ও ফোর্টিফায়েড বিস্কুটের মান যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বনরুটি তাজা ও দুর্গন্ধমুক্ত কি না, ডিম ফাটা বা পচা কি না এবং কলা অতিরিক্ত পাকা বা পোকামুক্ত কি না—এসব বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং ওজন উল্লেখ আছে কি না, সেটিও যাচাই করতে হবে।

মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, কোনো অবস্থাতেই নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাবার গ্রহণ করা যাবে না। সরবরাহকারী প্রতিষ্ঠান এমন খাবার দিলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

এ বিষয়ে কোনো ধরনের অবহেলা, শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

You might also like