Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বিশ্বকাপ ২০২৬

পেনাল্টি বক্সে ফাউল নিয়ন্ত্রণে নতুন নিয়ম আনছে ফিফা

 

পেনাল্টি বক্সের ভেতরে খেলোয়াড়দের অতিরিক্ত ধাক্কাধাক্কি, টানা-হেঁচড়া ও জড়িয়ে ধরার প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়েছে ফিফা। সংস্থাটির টেকনিক্যাল স্টাডি গ্রুপের প্রধান পাসকাল জুবারবুহলার বলেছেন, আসন্ন বিশ্বকাপে রেফারিরা এ ধরনের ঘটনায় আরও কঠোর ভূমিকা পালন করবেন।

সাবেক সুইস গোলরক্ষক জুবারবুহলার জানান, সাম্প্রতিক সময়ে বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে—আর্সেনালের ম্যাচগুলোতে—এ ধরনের শারীরিক লড়াইয়ের প্রবণতা বেড়েছে। তবে তিনি মনে করেন, বিশ্বকাপে দায়িত্বপ্রাপ্ত অভিজ্ঞ রেফারিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবেন।

তিনি বলেন, বক্সের ভেতরে গোলরক্ষকদের সঙ্গে ছোট ছোট ফাউল প্রায়ই ঘটে, যা বড় ভিড়ের কারণে রেফারিদের জন্য শনাক্ত করা কঠিন হয়। তবুও নিয়ম কঠোরভাবে প্রয়োগ করার ওপর জোর দেন তিনি।

সম্প্রতি আর্সেনাল ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের একটি ম্যাচে বিতর্কিত গোল বাতিল হওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় আসে। স্টপেজ টাইমে ওয়েস্ট হ্যামের সমতাসূচক গোলটি বাতিল করা হয় গোলরক্ষক ডেভিড রায়ার ওপর ফাউলের অভিযোগে। তবে ওয়েস্ট হ্যামের পক্ষ থেকে দাবি করা হয়, কর্নারের সময় আর্সেনালের খেলোয়াড়রাও একই ধরনের শারীরিক বাধা সৃষ্টি করেছিলেন।

এদিকে ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েইন রুনি রেফারির সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিলেও ফিফার বিশেষজ্ঞরা মনে করছেন, এমন পরিস্থিতিতে আরও দ্রুত ও পরিষ্কার সিদ্ধান্ত প্রয়োজন।

ফিফা ও আইএফএবি বর্তমানে সেট-পিসের সময় অতিরিক্ত জড়াজড়ি ও হোল্ডিং বন্ধে নতুন নিয়ম নিয়েও আলোচনা করছে। তবে সম্ভাব্য পরিবর্তন বিশ্বকাপের পর কার্যকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক ফুটবলে সেট-পিস এখন বড় কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে। আর্সেনালও এই মৌসুমে কর্নার ও ফ্রি-কিক থেকে উল্লেখযোগ্য সংখ্যক গোল করেছে, যা এই প্রবণতাকে আরও আলোচনায় এনেছে।

You might also like