You might also like
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে কোন স্থান নির্ধারণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নির্ধারিত ৩৭টি বাসার মধ্যে কয়েকটিতে বর্তমানে উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে সেসব বাসা নতুনদের জন্য পুনরায় প্রস্তুত করা হবে।
এর আগে নির্বাচনের আগেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে সম্ভাব্য কয়েকটি স্থান বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার একটি নির্দিষ্ট স্থান।
তবে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে ধারণা করা হচ্ছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হতে পারে। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আদিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী যে স্থান পছন্দ করবেন, সেখানেই তার বাসভবনের ব্যবস্থা করা হবে।
এদিকে, আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে প্রয়োজনীয় সংখ্যক সরকারি গাড়ি প্রস্তুত রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Recover your password.
A password will be e-mailed to you.