রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল ৩ মে থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলন সংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরতে আজ শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে বলে জানান তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন।
ডিসি সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসকরা অংশ নেবেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত এই সম্মেলনে ডিসিরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান।