Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

টিভি সিরিজ “ব্রেকিং ব্যাড”-খ্যাত অভিনেতা আর জে মিটি আত্মহত্যা করেছেন

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিটে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রতিনিধিরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণে তদন্ত চলছে।

২০০৮ সালে প্রচার শুরু হওয়া ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে অভিনয়ের মাধ্যমে খ্যাতি পান মিটে। সিরিজটিতে তিনি ব্রায়ান ক্র্যানস্টনের অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করেন। পাঁচ মৌসুমেই তাঁর উপস্থিতি দর্শকদের কাছে চরিত্রটিকে স্মরণীয় করে তোলে।

অভিনয়ের বাইরেও মিটের জীবন ছিল অনুপ্রেরণামূলক। বাস্তব জীবনেও তিনি সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন। ছোটবেলা থেকেই শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

প্রতিবন্ধী মানুষের অধিকার ও বিনোদনজগতে তাঁদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়েও সক্রিয় ছিলেন মিটে। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে কাজ করার পাশাপাশি নিজের দাতব্য সংস্থা ‘মিটে ফাউন্ডেশন’-এর মাধ্যমে জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন তিনি।

‘ব্রেকিং ব্যাড’-এর সাফল্যের পর ‘সুইচড অ্যাট বার্থ’, ‘দ্য রিকল’, ‘দ্য ওক রুম’ এবং ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’-এর মতো চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেন তিনি।

মৃত্যুর আগে নতুন চলচ্চিত্র ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’-এর প্রচারেও ব্যস্ত ছিলেন মিটে। ছবিটিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেন তিনি। গত ৩০ সেপ্টেম্বর ছবিটির প্রদর্শনীতে অংশ নেন এবং অক্টোবরের শুরুতে নিউ মেক্সিকোর আলবুকার্কেও একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছিলেন এই অভিনেতা। দীর্ঘদিনের প্রেমিকা কেনেডি সুয়ারেজের সঙ্গে ২০২৫ সালে তাঁর বাগদান হয়। তাঁর মৃত্যুতে বিনোদনজগৎ ও প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

সাতকাহন ডেস্ক

You might also like