আব্বাস আরাগচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির বরাতে মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় এবং ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এতে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ে।
সংঘাতের প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি খাতেও। বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী, ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়।
টানা ৩৯ দিনের সংঘাত শেষে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান, যা ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। পরে ১১ এপ্রিল ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে দুই দেশ, তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর একতরফাভাবে এর সময় বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে পাকিস্তানর মধ্যস্থতায় আবারও আলোচনায় বসার চেষ্টা চলছে, তবে সর্বশেষ খবর পর্যন্ত ইরান দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে সম্মত হয়নি।