Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

গায়ক হিসেবে মঞ্চে উঠছেন অপূর্ব, টিকিটের দাম ৩৭ হাজার টাকা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দর্শক এতদিন রোমান্টিক চরিত্রেই বেশি দেখেছেন। তবে এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।

ক্যামেরার সামনে নয়, গায়ক হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মঞ্চে পারফর্ম করবেন এই অভিনেতা। 

আগামী ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। কনসার্ট ঘোষণার পরপরই দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অপূর্ব।

তিনি লিখেছেন, ‘সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি।

এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরো বেশি বিশেষ হয়ে উঠেছে।’ 

 

অনুষ্ঠানের পোস্টার থেকে জানা গেছে, ৮ আগস্ট রাত ৮টায় শুরু হবে দুই ঘণ্টাব্যাপী এই সংগীতানুষ্ঠান। এদিন নিজের কণ্ঠে একাধিক গান পরিবেশন করবেন অপূর্ব।

 

কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকার সমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসনসংখ্যা সীমিত।

পোস্টারে এই আয়োজনকে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে একটি স্মরণীয় সংগীত সন্ধ্যা।

অভিনয়ে দীর্ঘদিনের জনপ্রিয় এই তারকাকে এবার গায়ক হিসেবে সরাসরি মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকেরা। 

অভিনয়ে আসার আগে অপূর্বর স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। তিনি কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করেছেন এবং সেই সময় নিয়মিত গানও চর্চা করতেন। এক সময় সংগীতকেই পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা থাকলেও ভাগ্যের পরিক্রমায় তিনি অভিনয়জগতে পা রাখেন। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

কর্মজীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা চড়াই-উতরাই পার করেছেন অপূর্ব। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং পরিবার—বিশেষ করে স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন।

সাতকাহন ডেস্ক

You might also like