কুমিল্লার দাউদকান্দিতে রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন রয়েছেন।
আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জিল হক ও উম্মে হুমায়রার শরীরের যথাক্রমে ৫৪ ও ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পরিবারের অন্য দুই সদস্য মনোয়ারা বেগম ও শিশু হুররামও হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে জমে ছিল। ভোরে চুলা জ্বালানোর সময় স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।