ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার সোনালি রঙের ভাস্কর্যটি অপসারণ করেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১ জুন) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফরকে স্মরণীয় করে রাখতে শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। এতে বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপনের ভঙ্গিতে মেসিকে দেখানো হয়। ভাস্কর্যটির উদ্বোধনও অনলাইনের মাধ্যমে করেছিলেন স্বয়ং মেসি।
পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। বর্তমানে এটি একটি সরকারি গুদামে সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে ভাস্কর্যটি অন্য কোনো উপযুক্ত স্থানে পুনঃস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই ভাস্কর্যটি স্থাপনের পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে সম্প্রতি দায়িত্ব পাওয়া পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রামাণিক ভাস্কর্যটিকে ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছিলেন।
কলকাতায় মেসির এই বিশাল ভাস্কর্যটি ফুটবলপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও নিরাপত্তা ও অবস্থানসংক্রান্ত বিতর্কের কারণে শেষ পর্যন্ত সেটি সরিয়ে নেওয়া হলো।
সাতকাহন ডেস্ক