Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

এ মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, অতিরিক্ত জ্বালানি কেনা ঠেকানো এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে সরকার চলতি এপ্রিল থেকেই কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে। মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে মোটরসাইকেলে জ্বালানি বিতরণ করা হবে। নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিনতে পারবে।

জ্বালানি বিভাগ ইতিমধ্যে একটি অ্যাপ ডেভেলপ করেছে। আশা করছি, শিগগিরই টেস্ট হিসেবে এটি চালু হবে। টেস্ট সফল হলে পুরোদমে চালু করা হবে। তবে একসঙ্গে সারা দেশে এই ব্যবস্থা চালু করা সম্ভব নাও হতে পারে। প্রথমে নির্দিষ্ট কিছু যানবাহনের জন্য দ্রুত এটি কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা এবং মজুতের প্রবণতা কমানো।

প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় প্রতিটি নিবন্ধিত যানবাহনকে একটি কিউআর কোড দেওয়া হবে, যা একটি মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। ব্যবহারকারীকে অ্যাপের মাধ্যমে নিজের পরিচয় এবং যানবাহনের নিবন্ধন তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর ওই যানবাহনের জন্য একটি কিউআর কোড তৈরি হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী মোবাইল ফোন দিয়ে সেই কোড স্ক্যান করবেন এবং স্বয়ংক্রিয়ভাবে ওই যানবাহনের জ্বালানি নেওয়ার তথ্য সিস্টেমে যুক্ত হয়ে যাবে। এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু জ্বালানি কেনা যাবে, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।

সাতকাহন ডেস্ক

You might also like