চলতি এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু নিউজ পোর্টালে ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা প্রথম পত্র (১০১) পরীক্ষার প্রশ্ন সব বোর্ডে ফাঁস হয়েছে—এমন দাবি উদ্দেশ্যপ্রণোদিত এবং অসত্য।
এর আগে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার একদিন পর এ ধরনের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, প্রশ্নফাঁসের এ খবরটি একটি অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। এ ঘটনায় মন্ত্রণালয় বা এর অধীন কোনো কর্মকর্তা জড়িত নন।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, গুজবে বিভ্রান্ত না হয়ে কোনো ধরনের অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি এ ধরনের অপপ্রচার নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।