হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটির অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে, যা পরিবেশের জন্যও ঝুঁকি তৈরি করেছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে রেলওয়ের বিশেষজ্ঞ দল। তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। দ্রুত লাইন সচল করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে লাইনচ্যুত বগিগুলো সরানোর চেষ্টা চলছে।
মনতলা স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান গনি জানান, বিকেলের মধ্যে আংশিকভাবে রেল চলাচল চালুর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে নোয়াপাড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ বলেন, দুর্ঘটনার কারণে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ অন্তত তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছে।
বিজিবি-৫৫ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, লাইনচ্যুত পাঁচটি বগির মধ্যে ইতোমধ্যে দুটি বগি ক্রেন দিয়ে সোজা করা হয়েছে এবং আরও দুটি বগি উদ্ধারের কাজ চলছে। একটি বগি পানিতে পড়ে থাকায় সেটি উদ্ধার করতে বেশি সময় লাগছে।
তিনি আরও জানান, বিপুল পরিমাণ ছড়িয়ে পড়া তেল বিজিবি সদস্যরা জারিকেন ও ড্রামে সংগ্রহ করে সংরক্ষণ করেছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
রেল কর্তৃপক্ষ আশাবাদী, দ্রুত সময়ের মধ্যেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।