Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

এক গোলেই দুই রেকর্ড রোনালদোর

বিদায়ের ইঙ্গিত দিলেও গোলের ক্ষুধা যেন কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্বকাপের পর আল নাসরের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৭৭-এ নিয়ে গেছেন পর্তুগিজ সুপারস্টার। এখন বহুল কাঙ্ক্ষিত ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ২৩ গোল দূরে তিনি।

শুক্রবার (২১ আগস্ট) সৌদি প্রো লিগের দ্বিতীয় রাউন্ডে আল রিয়াদকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে মাঠে নামার পর মাত্র ২১ মিনিটের মধ্যেই গোলের দেখা পান ৪১ বছর বয়সী এই তারকা।

৮৩ মিনিটে আয়মান ইয়াহিয়ার পাস পেয়ে প্রতিপক্ষের বাধা কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান রোনালদো। সেটিই ছিল আল নাসরের চতুর্থ গোল। এর আগে দলের হয়ে গোল করেন আবদুলেলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্স।

বিশ্বকাপের পর এটাই রোনালদোর প্রথম ম্যাচ। মৌসুমের প্রথম ম্যাচে আল ফাতেহকে ৩-০ গোলে হারালেও সেই ম্যাচে খেলেননি তিনি।

এই গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারের টানা ২৫ মৌসুমে গোল করার কীর্তিও গড়েছেন রোনালদো। একই সঙ্গে ১ হাজার গোলের লক্ষ্যের আরও কাছে পৌঁছে গেলেন তিনি।

কিছুদিন আগেই রোনালদো জানিয়েছিলেন, আসন্ন মৌসুমটি তার পেশাদার ক্যারিয়ারের শেষ মৌসুম হতে পারে। তবে অবসরের আগে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুযোগ এখনো তাঁর সামনে।

You might also like