পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী ৮টি দেশ। কাতার, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানসহ আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
বুধবার (১১ মার্চ) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমের পবিত্র উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়া ঐতিহাসিক স্থিতাবস্থার পরিপন্থী এবং ইবাদতের অধিকারের ওপর এক ‘নির্লজ্জ আঘাত’। অবিলম্বে মসজিদের গেটগুলো খুলে দিতে এবং দখলদার শক্তির এমন উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।