পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি বিশ্বের মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেন।
প্রায় ১ হাজার ৪০০ বছর আগে এই দিনে মানবজাতির হেদায়েতের বার্তা নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ওফাত লাভ করেন।
হজরত মুহাম্মদ (সা.) ছিলেন ইসলামের সর্বশেষ নবী ও রাসুল। তাঁর আবির্ভাব ও শান্তির বাণী প্রচারের মধ্য দিয়ে বিশ্বে নতুন এক ধর্মীয় ও সামাজিক পরিবর্তনের সূচনা হয়।
তিনি মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য ও আলোর পথে আহ্বান জানান। তাঁর শিক্ষা, আদর্শ ও সংগ্রামের মাধ্যমে তৎকালীন ‘জাহেলি’ সমাজে ব্যাপক পরিবর্তন আসে।
মহানবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীর অভিজাত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন।