Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

অনুমতি ছাড়া হজ পালন নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের কঠোর হুঁশিয়ারি

অনুমোদিত হজ পারমিট ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানার মুখে পড়তে পারেন হাজিরা। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর পাশাপাশি বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে। এ পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বৈধ হজ পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

শুধু অবৈধভাবে হজ পালনই নয়, এ ধরনের কাজে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ হাজিদের পরিবহন, আবাসন বা অন্য কোনোভাবে সহযোগিতা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

এই বিধান ট্রাভেল এজেন্সি, আবাসন সেবা প্রদানকারী, যানবাহনের মালিক এবং অবৈধ হাজিদের আশ্রয়দাতাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। প্রয়োজনে এসব কাজে ব্যবহৃত যানবাহনও জব্দ করা হতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত

সৌদির সংশোধিত নিয়ম অনুযায়ী, শুধুমাত্র অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা ও নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

এ সময় ভিজিট ভিসাধারীরা বৈধ হজ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা সেখানে অবস্থান করতে পারবেন না। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক, প্রবাসী ও সব ধরনের ভিসাধারীকে এসব নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।

আইন লঙ্ঘনের তথ্য জানাতে প্রধান অঞ্চলগুলোতে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযান শুরু করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ পারমিট প্রচারের অভিযোগে মক্কায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

You might also like