দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে Bangladesh Supreme Court। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রবিবার (৫ এপ্রিল) জারি করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
নতুন সময়সূচি অনুযায়ী, সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯:৩০টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। আর আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এ সময়ের মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচিই কার্যকর থাকবে। আগের মতোই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।